ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম মোঃ শাকিব উদ্দিন মালু (২৭)। তিনি মরাপুকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় একজন এএসআই ও কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত শাকিব ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টসহ কসবা থানায় কয়েকটি মামলা রয়েছে।
কসবা থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, ‘আজ বুধবার ভোর ৪টার দিকে ডাকাতেরা গোলাসার গ্রামে কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ দিয়ে ব্যারিকেড দিচ্ছিল। এ সময় টহলরত পুলিশ সেখানে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এসময় শাকিবের ডানপায়ে গুলি লাগে। এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে শাকিবকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
শাকিবের বিরুদ্ধে একটি ওয়ারেন্টসহ কসবা থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। এদিকে ওই ঘটনায় পুলিশের এএসআই ফারুক মিয়া ও কনস্টেবল আশিক আহত হন। এসময় শাকিবের কাছ থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি এবং ঘটনাস্থল থেকে তিনটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।


