প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে মসজিদ ভাংচুরের ঘটনা ঘটেছে। ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, টেক্সাস, কেনটাকি, ভার্জিনিয়া, নেব্রাস্কা, টেনেসি, ওহায়ো ও নিউইয়র্কে মসজিদে এসব হামলা হয়েছে। শুধু তাই নয়; সেখানে মুসলমানদের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা ‘অ্যামেরিকান ইসলামিক রিলেশন’ এ খবর নিশ্চিত করেছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে মসজিদগুলোতে সম্প্রতি চালানো ভাংচুর ও হুমকির একটি তালিকা করেছে তারা।
মসজিদে হামলার ঘটনায় নেব্রাস্কার ওমাহার ইসলামিক সেন্টারের এক কর্মকর্তা বলেন, মসজিদের একটি দেয়ালে সোমবার রাতে আইফেল টাওয়ারের ছবি স্প্রে-পেইন্টের মাধ্যমে এঁকে দেয়া হয়েছে। প্যারিস হামলার কয়েক ঘণ্টার মধ্যে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে ইসলামিক সেন্টারে হুমকি দিয়ে ভয়েসমেইল পাঠানো হয়েছে। এছাড়াও টেক্সাসের ফ্লুগারভাইলের একটি মসজিদে মল ছিটানোর মতো ঘটনা ঘটেছে।
গত শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর এই ঘটনাগুলো ঘটে। প্যারিসে হামলা এবং ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের কথা জানিয়ে ২৭টি অঙ্গরাজ্যের গভর্নর যুক্তরাষ্ট্রে সিরীয় শরর্ণাথী ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছে। এই ২৭ গভর্নরের মধ্যে ২৬ জনই রিপাবলিকান।


