বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুজাহিদের চূড়ান্ত রায় আজ

mujahidমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউয়ের রায় ঘোষণা হবে আজ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আলবদর কমান্ডার মুজাহিদ। এর আগে, বুদ্ধিজীবীহত্যা’সহ মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৭ জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস চেয়ে ২০১৪ সালের ১১ ই আগস্ট উচ্চ আদালতে আপিল করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৬ ই জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ।

গত ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে, এরপর দিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠাণ্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। এরপর ১৪ অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী। যার রায় ঘোষণা করা হবে আজ। যে রায়ের উপর নির্ভর করছে ফাঁসি কার্যকরের বিষয়।

এর আগে আল-বদরের এই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০১০ সালের ২৯ শে জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন আল-বদরের এই কমান্ডার।

আরও পড়ুন