অবস্থার পরিবর্তন ঘটলেই ফেইসবুকসহ ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমগুলো খুলে দেয়া হবে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কী হলে ‘অবস্থা’ বদল বোঝাবে, তা স্পষ্ট করেননি মন্ত্রী।
ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সরকার বন্ধ করে দেয়ার পরদিন বৃহস্পতিবার সংসদকে তিনি একথা জানান। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিরাপত্তার কারণে সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থার পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেয়া হবে।”
এর আগে এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও বলেন, দেশ ও জাতির ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বিশ্বের নানা দেশে একই ধরনের পদক্ষেপ নেয়ার নজির তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পৃথিবীর সব দেশেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমাদের এখানে তার ব্যতিক্রম নয়।”
যুদ্ধাপরাধী সাবেক দুই মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউর আবেদন খারিজের পর যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়।


