মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে তার পবিবার। আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার পরিবারের সদস্যরা যে আজ (বৃহস্পতিবার) যে কোনো সময় দেখা করতে পারবেন। সাকার স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, মেয়ে ও তার ভাই গিয়াস কাদের চৌধুরীসহ পরিবারের মোট ১০ জন দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন।
সাকা চৌধুরীর দেখা করতে এরইমধ্যে গুলশানের বাসভবন থেকে তার পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে সাকার আইনজীবী আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী জানিয়েছিলেন, আজ ( বৃহস্পতিবার) বেলা ১১টা দিকে সাকার পরিবারের মোট ১২ জন তার (সালাউদ্দিন কাদের চৌধুরী) সঙ্গে দেখা করতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যাবেন।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।


