বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকার বাইরে জামায়াতের ঢিলেঢালা হরতাল

we244জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। দুপুর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে পিকেটিং আর ঝটিকা মিছিল ছাড়া হরতাল সমর্থকদের আর তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। নগরীতে সীমিতসংখ্যক যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। হরতালের সমর্থনে নগরীর সড়কগুলোতে কোনো পিকেটারকে দেখা যায়নি। যেকোনো ধরনের নাশকতা ঠোকাতে নগরীতে পুলিশ-র‍্যাবের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমারাত হোসেন জানান, চট্টগ্রাম নগরীতে চার প্লাটুন, এ ছাড়া সীতাকুণ্ডু, বাঁশখালী, হাটহাজারী, রাঙ্গুনিয়াতে দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ২১ নভেম্বর একই সময়ে নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী নগরীর জনজীবনে হরতালের তেমন একটা প্রভাব পড়েনি। নগরীতে অন্যান্য দিনের মতো রিকশা, অটোরিকশা চলাচল করছে। সাহেববাজার এলাকার কিছু দোকানপাট বন্ধ ছাড়া নগরীর অন্যান্য এলাকার দোকানপাটও খুলেছে। এ ছাড়া রাজশাহী-ঢাকা রুটসহ বিভিন্ন রুটে বাস চলাচল করছে, তবে তা স্বাভাবিক দিনের চেয়ে কম। এদিকে, হরতালের সমর্থনে সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কাজলা এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নগরীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহে জামায়াতের ডাকা ঢিলেঢালা হরতাল চলছে। সকাল থেকেই শহরের প্রধান সড়কে কিছু কিছু যানবাহন চলতে দেখা গেছে। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়েছে, স্বাভাবিক ছিল বিভিন্ন রুটের ট্রেন চলাচল।

তবে হরতাল চলাকালে হরতালের সমর্থনে জামায়াতের কোনো পিকেটিং নজরে পড়েনি। সকালে দোকানপাট, ব্যবসাকেন্দ্র বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।

আরও পড়ুন