আইনি প্রক্রিয়ার সকল কার্যক্রম শেষ। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই রায় কার্যকরের মধ্য দিয়ে ৪৬ বছরের ক্ষত সেরে যাবে। বলেছেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
স্বাধীনতা বিরোধীরাই বিদেশিদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা আগুন সন্ত্রাস করেছে তারাই নতুন কৌশল হিসাবে বিদেশিদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, একাত্তরের সব ঘাতকের সাজা একে একে নিশ্চিত করা হবে। জামায়াতের এই হরতাল প্রসঙ্গে মেহের আফরোজ চুমকি বলেন, নির্বিচারে মানুষ হত্যাকারীদের বাঁচাতে জামায়াত হরতাল ডেকেছে। তারা এতো দুঃসাহস কোথায় পায়- তা খতিয়ে দেখা উচিত।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।


