বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে দলটি। দলের সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন শুক্রবার সন্ধ্যায় এ আহ্বান জানান।
রিপন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বিএনপি চেয়ারপারসনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া আগামীকাল শনিবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন।


