বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান (পিনো) ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনটি প্রবাসে বসেই পালন করতে হচ্ছে তাকে। তবে এবার তার জন্মদিনে মা খালেদা জিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকছেন। এদিকে ঢাকায় আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে জন্মদিনের কেক কাটার কর্মসূচি থাকলেও তারেক রহমানের নির্দেশে তা বাতিল করা হয়।
এ প্রসঙ্গে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, সারা দেশে অসংখ্য নেতাকর্মী কারাগারে। দেশের মানুষ ভালো নেই। এ অবস্থায় এবার কেক কাটা কর্মসূচি পালন করতে বারণ করেছেন তিনি। তবে বাদ জুমা কেন্দ্রীয় কার্যালয়ে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া জন্মদিন উপলক্ষে আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান।
১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। তবে ২০০১ সালের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন ঘিরে নানা কর্মকাণ্ডে সমালোচনার জন্ম দেন তারেক রহমান।
২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে ক্যান্টমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও ১৩টি দুর্নীতির মামলা করা হয়। ওয়ান-ইলেভেনে সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


