একাত্তরে মানবতাবিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রেক্ষাপটে রাজধানীতে ব্যাপক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবির ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। তারা আইনশৃঙ্খলার রক্ষায় সহায়তা করবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য জানান। আরো বলেন, একইভাবে দেশের বড় বড় শহরে বিজিবি মোতায়েন থাকবে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের চাহিদা মোতাবেক বিজিবি মোতায়েন করা হবে।
সাকা-মুজাহিদের ফাঁসির আদেশের রিভিউ আবেদন বুধবার খারিজ হয়ে গেলে ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি নেয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। এ দুই আসামি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাণভিক্ষার সেই আবেদন এখন আইন মন্ত্রণালয়ে আছে।


