বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মুজাহিদের স্ত্রীর দাবি অযৌক্তিক’

mahbubealam_11279মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রীর দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সাংবিধানিক অভিভাবক উল্লেখ করে তার কাছে সুবিচার প্রত্যাশা করেন মুজাহিদের স্ত্রী তামান্না ই জামান। এ সময় বিশেষ ট্রাইব্যুনালে মামলা চলমান থাকা অবস্থায় যদি অন্য কোনো মামলায় মুজাহিদের দণ্ড কার্যকর হয় তাহলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে বলে যুক্তি দেখান তিনি।

মুজাহিদের পরিবারের সদস্যরা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজের অবস্থান জানতে চান মুজাহিদ। এই মামলা তিনি লড়তে চান। তাই এই মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর না করতে পরিবারের সদস্য আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, মুজাহিদের স্ত্রীর এ বক্তব্যের কোনো ভিত্তি নেই। এক মামলায় দণ্ড কার্যকর হলে তার বিরুদ্ধে আর যে কয়টা মামলাই থাকুক না কেনো সেগুলো অকার্যকর হবে। মৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ করা হয় না। তাদের বিরুদ্ধে বিচারও চলে না।

সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রী বলেন, যেহেতু রাষ্ট্রপতি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী ও আইনবিদ তাই আশা করি রাষ্ট্রপতি নাগরিক হিসেবে মুজাহিদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের তো সাংবিধানিক অনেক অধিকার খর্ব করা হয়েছে। তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং তাদের এসব কথাবার্তা অযৌক্তিক।

জনগণকে বিভ্রান্ত করতেই তারা এসব কথা বলছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন শুধু রাষ্ট্রপতির কাছে একটাই আবেদন করা যাবে তা হলো প্রাণভিক্ষা।

প্রসঙ্গত, ২১শে আগস্ট ও গ্রেনেড হামলা মামলার মুজাহিদ অন্যতম আসামি। ওই মামলার এখন চূড়ান্ত সাক্ষ্যগ্রহণ চলছে।

আরও পড়ুন