বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হত্যা মামলার আসামি গ্রেফতার

arrestগাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের কৃষক নবাব আলী হত্যা মামলার আসামি মো. জমশেদ আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সাদুল্যাপুর উপজেলা শহরের ঘাঘট নদীর ব্রিজের উপর থেকে শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। জমশেদ আলী সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ রুবেল জানান, নবাব আলী হত্যার ঘটনায় প্রাথমিক তদন্তে জমশেদ আলী জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ কারণে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জমশেদ আলীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, নবাব আলীকে পিটিয়ে হত্যার সময় ঘটনাস্থলে তিনি ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন জমশেদ আলী। এজাহারের অজ্ঞাত আসামি হিসেবে জমশেদকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ পর্যন্ত নবাব আলী হত্যা মামলার প্রধান আসামি আবদুল মতিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত: সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে নবাব আলীর সঙ্গে তার বড় ভাই আবদুল মতিনের জমি নিয়ে বিরোধ চলছিল। ১১ নভেম্বর সকালে আবদুল মতিন ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়। এসময় নবাব আলী বাধা দিলে আবদুল মতিন ও তার লোকজন নবাব আলীকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নবাব আলীর স্ত্রী শেফালী বেগম বাদি হয়ে ওই দিনেই ১০ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জাভেদ হোসেন, গাইবান্ধা থেকে।

আরও পড়ুন