বুধবার ৪ নভেম্বর ২০২৬

একই মঞ্চে যেভাবে ফাঁসি হল সাকা-মুজাহিদের

Jollad_একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের একই মঞ্চে দুজনের ফাঁসি কার্যকর করা হয়। কারা কর্তৃপক্ষ সুত্রে জানা যায় শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম একমঞ্চে একই সঙ্গে দুইজনের ফাঁসি কার্যকর করা হলো। এর আগে এই মঞ্চে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি পৃথক পৃথকভাবে কার্যকর করা হয়েছিল।

সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান ও রাজু। শাহজাহান এর আগে আরও ৩৫টি ফাঁসি কার্যকর করেছেন।

গোয়েন্দা পুলিশ-ডিবির ডেপুটি কমিশনার শেখ নাজমুল আলম জানান, পাশাপাশি একই সঙ্গে তাদের ফাঁসির মঞ্চে উঠানো হয়। এ সময় তারা কোনো রিঅ্যাক্ট করেননি। বিড়বিড় করে সুরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান এবং রায় কার্যকর করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মালিক মৃধা দুইজনের মৃত্যু নিশ্চিত করেন। পরে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে তাদের তওবা পড়ান জেলখানা মসজিদের ইমাম মাওলানা মুনির আহমদ।

ফাঁসি কার্যকরের প্রস্তুতিতে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্টোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, ফাঁসির আগে সাকা চৌধুরী এবং মুজাহিদকে খাবার খেতে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল মুরগির মাংস এবং সবজি। প্রথমে সাকা চৌধুরী খাবারের প্লেট ছুড়ে মারেন। তখন তাকে বলা হয়, এটি আপনার শেষ খাওয়া। তখন তিনি প্লেট তুলে খেয়ে নেন।

আরও পড়ুন