মাটির নিচে পুতে রাখা কমিউনিটি ক্লিনিকের লক্ষাধিক টাকার সরকারি ওষুধ উদ্ধার করেছেন স্থানীয়রা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে রবিবার সকালে ওষুধগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশে একটি গর্তে সরকারিরভাবে বিনামূল্যে বিতরণের জন্য আসা বিভিন্ন প্রকারের ওষুধ পুতে রাখা ছিল। রবিবার সকালে হঠাৎ করে স্থানীয় লোকজন পুতে রাখা ওষুধগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওষুধগুলো উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ (সিএফ) মোছা. ফৌজি আক্তার ওষুধগুলো পাচারের উদ্দেশে মাটির নিচে পুতে রাখেন।
তবে (সিএফ) মোছা. ফৌজি আক্তার জানান, পাচারের উদ্দেশে নয়, ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে মাটিতে পুতে রাখা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওষুধগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শাহানা বানু জানান, ওষুধগুলো যাচাই-বাছাইসহ বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।


