রাজধানীতে একটি বাসায় ঢুকে তিন ভাইবোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ১৯৫ উত্তর শাহজাহানপুরের সাততলা ভবনের দোতলায় এই ঘটনাকে ডাকাতদের হামলা বলে অভিযোগ করেছে আহতদের পরিবারের সদস্যরা।
আহতরা হলেন- নাহিদুল ইসলাম (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)। পলি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, ওই সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী ৩-৪জন দুর্বৃত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বুঝতে পেরে রোজি ও পলি চিৎকার করলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


