বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গ্রেপ্তার হতে পারেন আমির খান

aamir_khan_bgগ্রেপ্তার হতে পারেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এই প্রসঙ্গই এখন টক অব দ্য ইন্ডিয়া। সোমবার দিল্লিতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর একের পর এক আক্রমণ ধেয়ে আসছে আমিরের দিকে। এর ধারাবাহিকতায় এবার তার বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের হয়েছে।

যদিও মধ্যপ্রদেশের অশোক নগর থানায় আমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ‘পিকে’ সিনেমায় তিনি পুলিশকে অপমান করে কথা বলেছিলেন। তবে সবার ধারণা অসহিষ্ণুতা ইস্যুতে কার্যত বোমা ফাটানোর কারণেই আমিরের বিরুদ্ধে থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

আমির বলেন, সমাজের গভীরে এমনকি তার পরিবারেও ‘নিরাপত্তাহীনতা ও ভয়’ ঢুকে গেছে। তিনি বলেন, ‘কিরণ (আমিরের স্ত্রী) ও আমি সারাজীবন ভারতেই কাটিয়েছি। অথচ প্রথমবারের মতো সে আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ? সে আমাদের সন্তানদের নিয়ে ভয় পাচ্ছে। আমাদের চারপাশের পরিবেশ কেমন হবে তা নিয়ে তার ভয়। প্রতিদিন খবরের কাগজ খুলতে সে ভয় পায়। এতে এটাই প্রতীয়মান হয়, দেশে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।’

এদিকে, আমিরের মন্তব্যে বিজেপি প্রতিক্রিয়ায় বলেছে- যেকোনো ব্যক্তি দেশ ছেড়ে যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমিরের মতো এত জনপ্রিয় এক তারকার মুখে এটা শোভা পায় না। এটা দেশের অন্যান্য নাগরিকদের অসহিষ্ণু করে তুলতে পারে।

অন্যদিকে, অভিনেতা ঋষি কাপুর আমিরকে উদ্দেশ্য করে বলেছেন- কোনো কিছুতে সমস্যা হলে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সেখানে থেকে সমস্যাটা দূর করারই চেষ্টা করা উচিত।

আরও পড়ুন