দেশে যাতে কেউ সাম্প্রদায়িকতার বীজ রোপন করতে না পারে সেজন্য সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।
ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে দেশকে একটি উগ্র সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।’ সৈয়দ আশরাফ বলেন, ‘একটি বিশেষ মহল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের চেষ্ঠা করছে। কিন্তু তারা কোনো সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও আর পারবেও না।’
বুধবার বিকালে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে কঠিন চীবর দানোত্সব-২০১৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


