প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে লাক্স তারকা হিরা ও উর্মিলা শ্রাবন্তী করকে। দুজনের মধ্যে বন্ধুত্বটাও প্রবল। কিন্তু কখনোই একসঙ্গে অভিনয় করা হয়নি। এবারই প্রথম হিরা ও উর্মিলা সরদার রোকনের নির্দেশনায় ‘প্রিয় সর্বনাশ’ নাটকে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন মনসুরুর চঞ্চল। গত সোমবার থেকে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘নাটকের গল্প এক কথায় অসাধারণ। সচরাচর গল্পের চেয়ে সত্যিই ভিন্নরকম। আমার চরিত্রটিও বেশ উপভোগ্য। কাজ করে তৃপ্ত। হিরার সঙ্গে এবারই প্রথম একই নাটকে অভিনয় করছি। তার সঙ্গে আমার সম্পর্কটা বেশ গভীর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা কাজের ফাঁকে বেশ আড্ডায় মেতে উঠেছিলাম।’
হিরা বলেন, ‘নানা সময়ে উর্মিলার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। কিন্তু একসঙ্গে কখনও কাজ করা হয়নি। উর্মিলা তার অভিনয় দিয়ে খুব অল্প সময়ে একজন অভিনেত্রী হিসেবে বেশ ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। তার জন্য আমার শুভ কামনা।’ নাটকে উর্মিলা ও হিরার বিপরীতে অভিনয় করেছেন সজল।


