একটি চড় মারতে পারলেই এক লাখ রুপি পুরস্কার! এটা আসলেই এক অদ্ভুত ঘোষণা। বাড়াবাড়িও বটে, যা অসহিষ্ণুতার সব মাত্রা ছাড়িয়ে গেল। কেননা, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে চড় মারতে পারলে এই এক লাখ রুপি পুরস্কারের কথা ঘোষণা করেছে শিবসেনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, যে ব্যক্তি সাহস করে আমিরকে চড় মারতে পারবে, তাকে দল এক লাখ রুপি পুরস্কার দেবে। যেহেতু আমির দেশ ছাড়ার কথা বলেছেন তাই তাকে দেশবিরোধী আখ্যা দিয়ে চড় মারার শাস্তির অদ্ভুত ঘোষণাটি দিল শিবসেনার পাঞ্জাব শাখা।
দঙ্গল ছবির শুটিংয়ের কাজে আমির এখন লুধিয়ানায়। লুধিয়ানায় যেখানে আমির থাকছেন, তার বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনার কর্মী-সমর্থকরা। সংগত কারণে আমিরের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বিক্ষোভে আমিরের ছবি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়। পাঞ্জাবে শিবসেনার প্রধান রাজীব ট্যান্ডন নিজেই আমিরকে চড় মেরে লাখ টাকা পুরস্কার নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।
সোমবার একটি অনুষ্ঠানে যোগদান করে আমির খান অসহিষ্ণুতা নিয়ে বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে উদ্বিগ্ন স্ত্রী কিরণ। কারণ, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য দেশ ছাড়ার কথা বলেছেন কিরণ। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। পরে আমির বলেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।
এদিকে, ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ ইস্যুতে আমির খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। অ্যাডভোকেট মনোজ কুমার দিক্ষিত আমিরের বিরুদ্ধে ‘দেশ বিরোধী’ মন্তব্যের অভিযোগ এনে বুধবার ভারতের কানপুর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদির বক্তব্য শুনে ১ ডিসেম্বর শুনানির দিন ঠিক করেছেন।
আমিরের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ১২৪ এ (রাষ্ট্রদ্রোহী), ১৫৩ এ (রাষ্ট্রের বিভিন্ন ধর্মীয়গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরির চেষ্টা), ১৫৩ বি (মিথ্যা দোষারোপ) এবং ৫০৫ (মানুষকে অপকর্ম করানোর উদ্দেশ্যে বক্তব্য) ধারায় অভিযোগ করেন তিনি।


