দেশে গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে। দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। এসব মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া আরো বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজ ভূলুণ্ঠিত। মহান স্বাধীনতাযুদ্ধের চেতনাও আজ বিপর্যস্ত। ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকায় লিন্সা দেশ জাতিকে এক গভীর সংকটের মধ্যে নিপতিত করেছে। এই রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সে লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’
বেগম জিয়া বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে ডা. শামসুল আলম খান মিলনের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।
ডা. মিলনের আত্মত্যাগকে সার্থক করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপিপ্রধান।


