দলীয়ভাবে পৌর মেয়র মনোনয়ন দেওয়ার আইন পাসের পর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ঠিক কোন পদ্ধতিতে পৌরসভার মেয়র পদপ্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। দলটির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ পদ্ধতি নিয়ে আলোচনা হবে। সেখানেই চূড়ান্ত হবে সবকিছু।
কালকের বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নির্বাচনের মনোনয়নটা দলের কোন লেভেল থেকে হবে, সেটা নিয়ে কালকের মিটিংয়ে আলোচনা হবে। নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারকে সহায়তা করা যায়, এসব দলের মিটিংয়ে আলোচনা হতে পারে।’
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ নভেম্বর পৌরসভা নির্বাচনে শুধু মেয়রদের দলীয় প্রতীকে নির্বাচন করার বিধার রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১৫’ জাতীয় সংসদে পাস হয়।
আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতা ও জেলার নেতাদের পরামর্শক্রমে সংসদীয় বোর্ড দলীয় প্রার্থী চূড়ান্ত করে থাকে। তবে দলীয় ভিত্তিতে পৌরসভা নির্বাচন হলে ঠিক কোন প্রক্রিয়ায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে, বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি ক্ষমতাসীন দলটি। তবে দলের হাইকমান্ড দাবি করছে, আগামীকালের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
দলটির নেতারা ধারণা করছেন, পৌরসভার ক্ষেত্রে দলীয় প্রার্থী আওয়ামী লীগের সংসদীয় বোর্ড নির্ধারণ করতে পারে। তবে সে ক্ষেত্রে দলের সাংগঠনিক সম্পাদকদের মতামতের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হতে পারে।
এ বিষয়ে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোন প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত করা হবে, সেটা কোথাও আলোচনা হয়নি। আগামীকালের সভায় এ নিয়ে আলোচনা হতে পারে।
আওয়ামী লীগের তিনজন কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৩৪টি পৌরসভায় ভোট নেওয়া হবে। এসব পৌরসভায় কেন্দ্রীয় নেতারা মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করতে পারবেন। কিন্তু কাউন্সিলর পদে প্রার্থী নির্বাচন করতে পারবেন না। কারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী রয়েছেন হাজারো। তাঁদের নির্বাচন নির্দলীয় হলেও দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা সময়সাপেক্ষ এবং জটিল ব্যাপার। এসব কীভাবে করা হবে, এটা নিয়েও কালকের বৈঠকে আলোচনা হবে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্তে দায়িত্ব পালনকারী একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে অনেক চেষ্টাই তাঁরা করেছিলেন। কিন্তু স্থানীয় বাস্তবতাসহ নানা কারণে সেটা তাঁরা পারেননি। কালকের সভায় তিনি তা তুলে ধরবেন।


