বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মুসলিমদের একটি মসজিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় যখন মুসল্লিরা সিজদারত, তখনই নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে মসজিদটির ইমাম শাহিনুল ইসলামও (৬০) রয়েছেন।
হামলায় নিহত মুয়াজ্জিনের নাম মোয়াজ্জেম হোসেন (৭০)। আহত অন্য দুইজন হলেন, মুসল্লি তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব আলী (৪০)।
বগুড়ার পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, গুলিতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। মোয়াজ্জেমকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মোয়াজ্জেমের চাচা উকিল মিয়া সাংবাদিকদের বলেন, “যখন সবাই মাগরিবের নামাজের সেজদায় ছিল, তখনই হঠাৎ গুলি হয়। হঠাৎ নির্বিচারে গুলি করার ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। এখানে শিয়া-সুন্নির কোনো দ্বন্দ্ব ছিল না। কখনই কারও সঙ্গে মসজিদ নিয়ে কোনো বিরোধ ছিল না।”
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, তিনজন যুবক কোনো কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি চালিয়ে প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়।”
এদের মধ্যে একজন টুপি-পাঞ্জাবি পরা এবং অন্য দুজন চেক শার্ট প্যান্ট পরা ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওই এলাকার বাসিন্দা মোজাফ্ফর হোসেন বলেন, প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করছিল। তখনি গুলিবর্ষণ হয়।
মহররমে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার এক মাসের মধ্যে বগুড়ার শিবগঞ্জে এই হামলা হল। ওই হামলায় দুজন নিহত হয়েছিলেন।



