১৬ মাস আগে ঢাকার কেরানীগঞ্জে এক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া চারজন হলেন- সুমন, জাকারিয়া হোসেন জনি, সুমন ওরফে সিএনজি সুমন ও মো. নাসিরউদ্দিন।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি আফসানা আক্তারকে খালাস দিয়েছে আদালত।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে অটোরিকশা চালক সাজু আহমেদ (৩৫), তার স্ত্রী রাজিয়া বেগম (২৬), ছেলে ইমরান (৫) ও মেয়ে সানজিদার (৩) হাত-পা চোখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
তদেন্ত জানা যায়, সাজু এবং এ মামলার আসামিরা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। লুটের মালের ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়।


