বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এক ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানাও

y„„„ম্যাচ জিতিয়ে আবারও রংপুর রাইডার্সের চালক তিনি। ম্যাচসেরার পুরস্কার নেয়ার ঘণ্টাকয়েক পর পেলেন দুঃসংবাদ। বিপিএল তিনে রংপুর অধিনায়ক সাকিব আল হাসান এক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। বৃহস্পতিবার মিরপুরে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ম্যাচে সাকিব অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। যা খেলোয়াড়দের জন্য প্রণীত কোড অব কন্ডাক্টের লংঘন। সিলেটের ইনিংসের চতুর্থ ওভারে সিলেটের ব্যাটসম্যান দিলশান মুনাবীরাকে আউট করার পর সাকিব গালাগাল করেন। এ ব্যাপারে দুই আম্পায়ার র‌্যানমোর মার্টিনেসজ ও তানভির আহমেদ রিপোর্ট করার পর ম্যাচ রেফারি সেলিম শাহেদ এ শাস্তি দেন। সাকিব তার অপরাধ স্বীকার করেন।

কোড অব কন্ডাক্টের লেভেল ২ আর্টিকেল ২, ২, ৪ ভঙ্গ করার দায়ে সাকিব এ শাস্তি পেলেন। সিলেটের ইনিংসের ১৩তম ওভারে আউটের আবেদন নাকচ হওয়ায় রংপুর অধিনায়ক আম্পায়ার তানভির আহমেদকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন। এরফলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুরের ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
টানা দ্বিতীয়বার ম্যাচসেরা। সাকিব ক্রমে সবুজ হয়ে উঠছেন। রংপুরও রং ছড়াচ্ছে। তবে কাল মাঠে ও মাঠের বাইরে সাকিবকে দেখা গেল দুই রূপে। ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে এলেন সংবাদ সম্মেলনে। হাসির রোল উঠল যখন বললেন, আগের দুই বিপিএলে গাড়ি ছিল। এবার তো তেমন কিছু দেখছি না। গাড়ি দেখলে আকর্ষণ হয়তো বাড়ত। ব্যাটে-বলে ছন্দ ফিরে পাওয়া রংপুর অধিনায়ককে মাঠে খানিকটা মেজাজ হারাতেও দেখা গেল। আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে কেন বাদানুবাদে জড়িয়ে পড়লেন সেটা বলতে চাইলেন না সাকিব। মাঝে মাঝে এরকম হয়। এ নিয়ে আমি কিছু বলতে চাই না, এড়িয়ে গেলেন প্রসঙ্গটা।
ম্যাচ শেষে জয়ের আনন্দে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল তাকে। এর কারণ অবশ্য বললেন, ম্যাচটা জেতা জরুরি ছিল আমাদের জন্য। এই ম্যাচ জিতে এগিয়ে গেলাম। এখন আমাদের সামনে প্রথম কিংবা দ্বিতীয় হওয়ার সুযোগ। ক্লোজড ম্যাচ জিতলে এমন আনন্দ হয়ই। কী মনে করে শেষ ওভার করার জন্য আবু জায়েদের হাতে বল তুলে দিলেন? সাকিবের উত্তর, ওকে শুধু বলেছি, তোমার হারানোর কিছু নেই। যদি জেতাতে পার, তাহলে নায়ক হওয়ার সুযোগ আছে। এমন পরিস্থিতিতে বোলারের কিছু করার থাকে না। শেষ পর্যন্ত সে সফল হয়েছে।
রংপুর অধিনায়ক বলেন, আজ (বৃহস্পতিবার) ব্যাটিং করে স্বস্তি পেয়েছি। অপর প্রান্তে উইকেট পড়তে দেখে চার/ছয় মারার সাহস পাইনি। এক প্রান্ত থেকে উইকেট পড়তে দেখলে এনার্জি কমতে থাকে। তবুও যা করেছি, সেটা কাজে দেবে। উইকেটে টিকে থাকা দরকার ছিল। আমি খুশি। আশা করি, সামনে আরও ভালো কিছু করতে পারব।

আরও পড়ুন