দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি আঞ্চলিকভাবে গঠিত পেশাভিত্তিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির ‘নোয়াখালী উৎসব-২০১৫’ উদ্বোধন করে আহ্বান জানান তিনি।
উৎসবে ঢাকায় অবস্থানরত নোয়াখালীর অধিবাসীরা অংশ নেন। এতে রাষ্ট্রপতি বলেন- নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে সরকারের একার পক্ষে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আঞ্চলিকভাবেও এগিয়ে আসতে হবে সবাইকে।
এ সময় প্রায় ১০ হাজার নোয়াখালীবাসীর পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ নোয়াখালীর বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


