বুধবার ৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে

mosque_murder_folloup-thumbnailবগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার বিকালে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যাম সুন্দর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে জুয়েল ও আনোয়ারকে সাত দিন করে এবং সামছুল আলমকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

উপজেলার সৈয়দ জামগড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুরের আব্দুল মান্নানের ছেলে জুয়েলকে (২৫) শুক্রবার ভোরে এবং বগুড়ার মোলামগাড়ি এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক সামছুল আলমকে রাতে আটক করা হয়।

পরে মসজিদের কোষাধ্যক্ষের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

বৃহস্পতিবার উপজেলার কিচক হরিপুর গ্রামের আল মস্তেফা মসজিদে মাগরিবের নামাজে সিজদাহরত অবস্থায় নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০)। আহত হন ইমাম শাহিনুর রহমান (৬০) ও নামাজ পড়তে আসা স্থানীয় বাসিন্দা তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব আলী (৪০)।

আরও পড়ুন