সীমান্ত চুক্তির মতো ভারতের সঙ্গে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে এগিয়ে আসতে হবে। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান করতে হবে। বলেছেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও দাবিতে রংপুর বিভাগীয় কনভেনশনে রাশেদ খান মেনন একথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক নদী ব্যবস্থাপনার মাধ্যমে ভারত, চীন, নেপাল ও ভূটানকে যুক্ত করে পানি সমস্যার সমাধান এবং পানি বিদ্যুতের মাধ্যমে আঞ্চলিক সমস্যা নিরসনে নাগরিকদের জেগে উঠতে হবে। তা না হলে উত্তরাঞ্চলসহ দেশ মরুভূমিতে পরিণত হবে। দক্ষিণাঞ্চলে লবনাক্ততা বাড়বে।’
সরকার দলের শরিক ওয়ার্কাস পার্টির এই সভাপতি বলেন, ‘যে উদ্দেশ্যে তিস্তা ব্যারেজ করা হয়েছিল তার ফলাফল হয়েছে উল্টো। তিস্তা এখন মরুভূমি। তিস্তা নিয়ে আমাদের অধিকার আদায় করতে পারিনি। আমরা যদি ভারতের গজলডোবা পর্যন্ত জলাধার করতে পারতাম তাহলে তিস্তা ব্যারেজ করার উদ্দেশ্য সফল হতো।’


