“জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। দেশবাসী জানে, ধানের শীষ মানে জ্বালাও পোড়াও এবং স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষ করা। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করার কারণে জনগণ আর কখনো ধানের শীষে ভোট দেবে না। এ কারণে এমন একদিন আসবে যেদিন বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ বাংলাদেশে আর থাকবে না।”
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি। আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যে কারণে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচনই দলীয় প্রতীকে হবে এবং দল প্রার্থী মনোনয়ন দেবে।
খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, আগামী নির্বাচনে আমরা আপনাদের স্বাগত জানাই। নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। চেষ্টা করেছেন বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে, কিন্তু পারেননি। এখনও ষড়যন্ত্রের পথ ছাড়েননি। এ পথে আপনি সফল হবেন না। এ পথ ছেড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠে আসুন। নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নিন। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।


