বাংলাদেশে সন্ত্রাসবাদের পেছনে ইসরাইল রয়েছে, এমনটাই দাবি করেছেন ঢাকায় ফিলিস্তিনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ এস রামাদান। বলেন, “জোর দিয়ে আরও বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলে রয়েছে ইসরাইল ও তার দোসররা, যারা শান্তিপ্রিয় মানুষের জন্য ত্রাস ও সন্ত্রাসের সৃষ্টি করে।”
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সহিংসতার মধ্যে রোববার আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এক সভায় বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে পাশে রেখে বক্তব্য দেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। মন্ত্রী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আরবিতে দেওয়া রামাদানের বক্তব্য অনুবাদ করে দেন ফিলিস্তিন দূতাবাসের অনুবাদক ইব্রাহিম হেলাল।
রামাদান স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের গৃহিত সকল পদক্ষেপের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি।
বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে করা মন্তব্যটি যথাযথভাবে অনুবাদ হয়েছে কি না- অনুষ্ঠানের পর গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ফিলিস্তিনের এই দূত ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।


