পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আইনি বাধ্যবাধকতার কারণে দেশের ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ইসির এই নির্ধারিত ভোটের তারিখ বুঝে পড়েনি বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের। তারা ভোটের দিন পেছানোর দাবি করেছে। তবে তাদের এই দাবিতে ইসি রাজি না হলেও সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
রোববার আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসি সচিবালয়ে আলোচনার পর বিকালে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল ঘোষণার পর বিএনপি ভোট পেছানোর দাবি তোলে। তফসিল পুনর্বিন্যাসের দাবি জানায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিও।


