বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে জুতা দেখিয়ে প্রতিবাদ

Paris_Shoe-marchজাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ঘিরে ফ্রান্স সরকার যখন প্যারিসের রাজপথে বিক্ষোভকারী পরিবেশবাদীদের দাঁড়াতে দিচ্ছে না, তখন প্রতিবাদের প্রতীক হিসেবে জুতাকেই বেছে নিয়েছেন তারা। ‘নিজেদের পরিবর্তে জুতাই মার্চ করবে’ বলে উল্লেখ করেছেন তারা। খবর সিএনএনের।

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে পৃথিবীকে বাঁচাতে কার্যকর চুক্তির দাবিতে বিশ্বব্যাপী র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ প্রদর্শনে বিশ্বের নানা প্রান্ত থেকে প্যারিসে জড়ো হয়েছে হাজারো পরিবেশবাদী। ফরাসীদের সঙ্গে মিলে তারা সেখানে বিক্ষোভ করতে গেলে রবিবার বাধা দেয় ফরাসী পুলিশ।

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষের পর ফরাসী প্রশাসন প্যারিসে মার্চ নিষিদ্ধ করেছে। শহরটিতে গত মাসে একাধিক হামলায় ১৩০ জন নিহতের ঘটনায় এ কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পূর্বঘোষিত মার্চ করতে না পারলেও নিজেদের জুতা দিয়ে প্রতীকী মার্চের ব্যবস্থা করেছেন বিক্ষোভকারীরা। তারা জুতা খুলে প্যারিসের রাজপথে ছড়িয়ে রেখেছেন।

পরিবেশবাদী রেনে স্ট্রহ বলেন, ‘জুতাই আমাদের হয়ে মার্চ করবে।’

পরিবেশবাদীদের সঙ্গে শামিল হয়ে প্যারিসের রাজপথে হাজার হাজার জুতা ছড়িয়ে রেখেছেন অনেক সাধারণ নাগরিক। কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ রক্ষায় যাবতীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পৃথিবীকে টিকিয়ে রাখাই তাদের একমাত্র দাবি।

প্যারিসে সোমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে অন্তত ১৪৭টি দেশের নেতারা। এ সম্মেলনে পরিবেশ রক্ষায় কার্যকর চুক্তি ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন পরিবেশবাদীরা।

আরও পড়ুন