বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিআরইউ নির্বাচন: জামাল সভাপতি, রাজু সম্পাদক

DRU-2015ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ বিজয়ী হয়েছেন। ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের সভাপতি পদে জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে রাজু আহমেদ জয়ী হয়েছেন।

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল ৬৩৯ ভোট পেয়ে ডিআরইউর বর্তমান সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিবেদক সাখাওয়াত হোসেন বাদশাকে পরাজিত করেছেন। বাদশা পান ৩৬৬ ভোট।

গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু ৪৭৭ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার চেয়ে এক ভোট কম পেয়ে হার মানতে হয় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদক মুরসালিন নোমানীকে।

সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থী ডেইলি স্টারের মো. ফেরদাউস মুবারক পেয়েছেন ৪৮ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নেতা নির্বাচনে ডিআরইউ কার্যালয়ে ভোট দেন ঢাকার সংবাদ মাধ্যমের রিপোর্টাররা। সংগঠনটির এক হাজার ২৭১ জন ভোটারের মধ্যে এক হাজার ১৩ জন ভোট দিয়েছেন।

রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

যুগ্ম-সম্পাদক পদে ৫৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাসসের সাজ্জাদ হোসেন। এই পদে অন্য প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৭৩ ভোট।

অর্থ সম্পাদক পদে ৪৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন কামরুজ্জামান কাজল। অন্য প্রার্থী হাসান আরিফ পেয়েছেন ৪০০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)। তার প্রতিদ্বন্দ্বী ফারুক খান পেয়েছেন ৪০০ ভোট।

দপ্তর সম্পাদক পদে মেহদী আজাদ মাসুম ৬৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য প্রার্থী নাজমুল আহসান তৌফিক পেয়েছেন ২৪২ ভোট।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন হালিম মোহাম্মদ। অপর প্রতিদ্বন্দ্বী কাজী মুহা. আরিফুজ্জামান ৩৮১ ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান ৪৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে আমিনুল ইসলাম লিটন পেয়েছেন ৩৮১ ভোট।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন- মিজানুর রহমান (৬০৬), ঝর্ণা মনি (৫৭৭), ওসমান গনি বাবুল (৪৭৯), শেখ মাহমুদ এ রিয়াদ (৪৩৬), শফিকুল ইসলাম শামীম (৩৯৬), আজাদ হোসেন সুমন (৩৮৪), মো. মহসিন হোসেন (৩৬১)।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন- নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ।

আরও পড়ুন