থাইল্যান্ডের ব্যাংককে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে জাহানারা-সালমারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়।
প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই সেমির টিকিট নিশ্চিত করে চাম্পিকা গামাগের দল। আর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা। প্রথম দুই ম্যাচে সহজেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসেও কোন ঘাটতি নেই তাদের।
সেমিফাইনালে মাঠে নামার আগে তাই নিজেদের প্রস্তুতি পর্বটা বেশ ভালোভাবে সেরে নিতে এই ম্যাচটিতে জয় ছাড়া অন্যকিছুই ভাবছে তারা। সব মিলিয়ে জয়ের ধারায় থাকা জাহানারা-সালমারা টি টোয়েন্টি বিশ্ব আসরের মূল পর্বের টিকিট পেতে মরিয়া।


