জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তান কটূক্তি করে শুধু আমাদের অভ্যন্তরীণ বিষয়েই হস্তক্ষেপ করেনি, একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধও করেছে। বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে বিজয়মাসকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ‘ডিসেম্বর: বিজয়গাথা’ অনুষ্ঠানে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আরেফিন সিদ্দিক বলেন, জাতিসংঘের অধ্যাদেশে বলা আছে, ‘কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না’। সে হিসেবে তারা জাতিসংঘের আইনলঙ্ঘন করেছে। তাই পাকিস্তানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিৎ। উপাচার্য আরো বলেন, পাকিস্তান যে ধরনের ধৃষ্টতা দেখিয়েছে তাতে তাদের সঙ্গে বাংলাদেশের সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিৎ। তাদের সঙ্গে সবধরনের চুক্তিও বাতিল করা করতে হবে বলে তিনি জানান।
‘যুদ্ধাপরাধী মুক্ত করব দেশ, গড়ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম। সমাবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর আবৃত্তি নিয়ে আসেন শাহাদাত হোসেন। নানা দেশাত্ববোধক গানের সুরের মূর্ছনায় মোহিত হয়ে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতিতে স্থাপিত ঢাবির অপরাজেয় বাংলা।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম, সিনিয়র সহ-সভাপতি লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ বীর প্রতীক, যুগ্ন-মহাসচিব অধ্যাপক আবুল কালাম পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সরদার, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।


