বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ নিয়ে ভুল সংবাদের জন্য ক্ষমা চাইলেন দ্য হিন্দু’র সাংবাদিক

the-hinduস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য ভুলভাবে প্রতিবেদনে উল্লেখ করার জন্য ক্ষমা চেয়েছেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল ভট্টাচার্য্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘গত ২৫-১১-২০১৫ ইং তারিখে দ্য হিন্দু পত্রিকায় We are tracking two IS killers inside india, says Bangladesh শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয় যে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্য হিন্দুকে বলেছেন জাপানি নাগরিক হোশিও কুনির দুই গুপ্তঘাতক আইএস সদস্য ভারতে পালিয়ে গিয়েছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিবেদকের মোবাইলে কথোপকথনের সাথে প্রতিবেদনে উল্লিখিত বক্তব্যের মিল না থাকায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দ্য হিন্দুর প্রতিবেদক কল্লোল ভট্টাচার্য্যকে ডেকে পাঠান। তিনি অসত্য প্রতিবেদন প্রকাশের তীব্র প্রতিবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিমন্ত্রী বলে উল্লেখ করারও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- কল্লোল ভট্টাচার্য্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনারের কাছে ভুল প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে সতর্ক থাকার প্রতিজ্ঞা করেন।

এ ব্যাপারে দ্য হিন্দু’র সহকারী সম্পাদক কল্লোল ভট্টাচার্য মঙ্গলবার রাতে জানান, দ্য হিন্দুর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তারা জানতে পেরেছেন, জাপানি নাগরিক কুনিও হোশির দুই গুপ্তঘাতক সন্ত্রাসী বা আইএস সদস্য যাই বলা হোক না কেন, তারা ভারতে পালিয়ে গেছেন—এটা ঠিক কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরাও শুনেছি। ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি।’ কিন্তু প্রতিবেদনটি দ্য হিন্দু পত্রিকায় সম্পাদনার সময় শুধু আইএস বলা হয়েছে। যেটার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আপত্তি তুলেছেন, যেহেতু বাংলাদেশ সরকার দাবি করেছেন বাংলাদেশে আইএস নেই।

কল্লোল ভট্টাচার্য বলেন, ‘আমার প্রশ্নটা যেহেতু আইএস নিয়ে ছিল, আমি ভেবেছি মন্ত্রী সেটাই বুঝিয়েছেন, হয়তো সে কারণে প্রতিবেদনটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।’

দ্য হিন্দুতে কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া হবে কী না জানতে চাইলে কল্লোল ভট্টাচার্য বলেন, ‘হাইকমিশন থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা প্রতিবাদ পাঠানো হয়নি। আর আমাদের পক্ষ থেকে তো প্রতিবাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমার সংবাদ তো ঠিক ছিল। যারা পুরোটা প্রতিবেদন পড়েছেন, তারা বুঝতে পারবেন।’

আরও পড়ুন