বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চলছে প্রার্থীদের জোর প্রচারণা, বেতাগীতে হরতাল

ps news-hortalমনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী আমেজ বেড়ে গেছে কয়েকগুণ। মনোনীত প্রার্থীরা প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি জোরেশোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। কোথাও আবার দেখা গেছে ভিন্ন চিত্র। বরগুনার বেতাগীতে বর্তমান মেয়র মো. আলতাফকে মনোনয়ন দেয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা আওয়ামী লীগ।

রাজশাহী: রাজশাহীর অলিগলিতে পৌর নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে কাঁটাখালী পৌরসভার সব জায়গায় আলোচনা চলছে মনোনীত প্রার্থীদের নিয়ে। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে একজন এবং বিএনপি থেকে একজনকে মনোনীত করা হয়েছে। এরপর থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তবে এখনও নির্বাচনী প্রচারণার মাঠে দেখা যায়নি বিএনপি মনোনীত প্রার্থীকে। এদিকে ভোটাররা মনোনীত প্রার্থীদের নিয়ে সন্তোষ জানিয়েছেন।

বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভার বর্তমান মেয়র মো. আলতাফকে আবারও দলীয়ভাবে আওয়ামী লীগ মনোনীত করেছে। এর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন হরতাল সমর্থকরা। এ সময় সেখানে প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত আলতাফের মনোনয়ন প্রত্যাহার করে, এবিএম গোলাম কবিরকে মনোনীত করার দাবি জানান।

সিলেট: আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট জেলার ৩টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে মনোনয়ন পেয়েছেন দু’বারের মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এছাড়া কানাইঘাটে বর্তমান মেয়র লুৎফুর রহমান ও জকিগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে লড়বেন মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। এদিকে দলীয়ভাবে প্রার্থিতা পাওয়ার পর জয়ের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন জাকারিয়া আহমদ পাপলু।

আগামী ৩০ ডিসেম্বর একযোগে দেশে ২৩৫টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন।

আরও পড়ুন