ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী হঠাৎ করেই গাজীপুরের গাছা ভূমি অফিস, বাসন ও কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। এ সময় ভূমি কার্যালয়ের অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন ভূমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গাজীপুর শহরের গাছা ভূমি অফিস, বাসন ও কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম দেখতে পান এবং সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন আহম্মদ ও বাসন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা ইউসুফ আলী এবং কালিশপুর ভূমি সহকারী কর্মকর্তা দীপক দাশকে সাময়িক বরখাস্ত করেন। পরে প্রতিমন্ত্রী কালিয়াকৈর উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগ শোনেন।
পরে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘হয়রানি হচ্ছে জনগণের। জনগণের সঙ্গেও কথা বললাম আমি। কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। অনেক জায়গায় উন্নতি হয়েছে এরই মধ্যে। কিন্তু আরো অনেক বেশি উন্নত হওয়ার প্রয়োজন আছে। সুতরাং এই যে কাজের গাফিলতি, মানুষের সমস্যা, মানুষকে হয়রানি এগুলো কিন্তু বেশ সমস্যা হচ্ছে। এরই মধ্যে কাজে গাফিলতির জন্য কর্মকর্তাকে বহিষ্কার করেছি। কারণ দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আরো শাস্তির ব্যবস্থা করা হবে।’


