‘মুজাহিদ অফ বাংলাদেশ’। জেএমবির আদলে গঠিত নতুন জঙ্গি দল। তাদের লক্ষ্য কথিত পীর ও বিভিন্ন ধর্মীয় মতাদর্শে বিশ্বাসীদের হত্যা করা। এরই মধ্যে এই জঙ্গি সংগঠনের সদস্যরা মতাদর্শগত ভিন্নতার কারণে এক হুজুরকে হত্যার পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, নতুন সংগঠনটির সদস্যরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ‘মতাদর্শে’ বিশ্বাসী। তারা আল কায়দাকে অনুসরণ করে, তবে আল কায়দার সঙ্গে তাদের কোনো নেটওয়ার্ক গড়ে ওঠেনি। তারা সেলফ মোটিভেটেড।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে বুধবার সন্ধ্যার পর ‘মুজাহিদ অফ বাংলাদেশ’ সংগঠনের ছয় সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ৬ যুবককে গণমাধ্যমের সামনে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ বলছে, মূলত ফেসবুকে নজরদারী করে এ গ্রুপটির সন্ধান পায় তারা। ৬ জনই বিভিন্ন ভুয়া নামে তৎপরতা চালাতেন।
সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা মনিরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছে, তাদের সংগঠনে এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন সদস্য রয়েছে। এরা সবাই গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এলাকায় এবং চট্টগ্রামের বনাঞ্চলসহ কয়েকটি স্থানে জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। তারা ঢাকায় এক হুজুরকে হত্যার পরিকল্পনা করছিল। তবে কোন হুজুরকে হত্যার পরিকল্পনা তারা করছিল, তা সাংবাদিকদের জানাননি এই পুলিশ কর্মকর্তা।
আটকরা বিচিত্র সব নাম ব্যবহার করে বাংলাদেশে তাদের সংগঠন ও জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছিল।
আটক ছয়জন হলেন- জহিরুল আনসার ওরফে চূড়ান্ত লড়াই নামে, খন্দকার রাজেশ সুবহান ওরফে রাজু কাচা মরিচ ওরফে আদার ব্যাপারী, আবু বকর সিদ্দিক ওরফে আবির ওরফে মৌমাছি ওরফে নিয়মের অনিয়ম ওরফে একটুকরা মেঘ ওরফে সাদা পাতা, আব্রাহাম আহমেদ আল তারেক, মোরশেদুল ইসলাম ওরফে কিং মোর খান, কাজি বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া মোল্লা আকতার মোহাম্মদ মনসুর।
বিচিত্র এই নামের বিষয়ে মনিরুল বলেন, ‘এগুলো তাদের ফেসবুক আইডির নাম। গোয়েন্দাদের নজর এড়াতে তারা এসব নাম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে তারা যোগাযোগ রক্ষা, সদস্য ও অর্থ সংগ্রহ করে থাকে।’
এই ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান যুগ্ম-কমিশনার।


