নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আবারও একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ নির্দেশ দেন।
এর আগে, কড়া পুলিশি নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া পরবর্তী শুনানির দিন আগামী ১১ই জানুয়ারি ধার্য করেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার ইকবাল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ২০১৪ সালের ১০ জুন ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।


