রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে নতুন জঙ্গি সংগঠন ‘মুজাহিদ অব বাংলাদেশ’র ৬ সদস্য। বুধবার সন্ধ্যায় মতিঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, নির্দিষ্ট কোনো শীর্ষ নেতা না থাকলেও আল-কায়েদার আদর্শের অনুসারী এ দলটি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ৬ যুবককে গণমাধ্যমের সামনে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ বলছে, মূলত ফেসবুকে নজরদারী করে এ গ্রুপটির সন্ধান পায় তারা। ৬ জনই বিভিন্ন ভুয়া নামে তৎপরতা চালাতেন।
গ্রেপ্তার হওয়া জহিরুল আনসার ও চূড়ান্ত লড়াই নামে, রাজু কাচা মরিচ ও আদার ব্যাপারী নামে, আবু বকর, মৌমাছি-নিয়মের অনিয়ম- এক টুকরো মেঘ ও সাদা পাতা নামে, মোর্শেদ- কিংমোর খান নামে , বাপ্পী- তারেক বিন জিয়াসহ বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করতেন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, রাজধানীতে এক পীরকে হত্যার পরিকল্পনা করেছিলো গ্রেপ্তারকৃতরা। কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা না মিললেও এ দলটি আল কায়েদার আদর্শের অনুসারী। গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন জঙ্গলে তারা প্রশিক্ষণ কার্যক্রমও চালিয়েছে।
এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।


