সারা দেশে অনুষ্ঠেয় ২৩৫টি পৌরসভার নির্বাচনে এক হাজার ২২৩ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী নয় হাজার ৭৯৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী দুই হাজার ৬৬৮ জন। আজ শুক্রবার রাতে নির্বাচন কমিশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী শনি ও রোববার দুদিন প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই চলবে।
এদিকে, হাইকোর্টের আদেশে মংলা পৌরসভার নির্বাচন স্থগিত আছে। এ ছাড়া উচ্চ আদালত মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করলেও এই আদেশের কাগজপত্র না পৌঁছানোয় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়েছেন।
গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন। ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।


