যাত্রীবাহী বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ-গাবতলী রুটের একটি বাসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই বাসের চালকের সহকারীকে আসামি করে দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী জানান, তিনি শামসুন নাহার হলে থাকেন। এখান থেকে প্রায়ই তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের বেতিলা যাতায়াত করেন।
বেতিলা থেকে শুকতারা (ঢাকা মেট্রো জ-০৪-০০৬৬) পরিবহনের বাসে উঠেন তিনি। বসেন বাসের সামনের আসনে। পথিমধ্যে পাশের আসনের যাত্রী নেমে গেলে ওই বাসের চালকের সহকারী মামুন ওই আসনে বসে। কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রীকে শারীরিকভাবে উত্যক্ত করতে থাকে সে। এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে তার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করে মামুন। বাকবিতন্ডার এক পর্যায়ে ওই ছাত্রীকে বাস থেকে নেমে যেতে বলে সে। তখন বাসের অন্যান্য যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাবি প্রক্টরকে অবগত করেন তিনি। পরে এ বিষয়ে দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। এটি মামলা হিসেবে রেকর্ড করে আসামিকে গ্রেপ্তার করা হবে।


