বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে জড়ালে পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে’

ripon_SM_725674758সরকারের মন্ত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আইএসের সঙ্গে জড়িয়ে বক্তব্য দেওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এমন বক্তব্যে দুই দেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে। তাই কোনো দেশকে জড়িয়ে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন- সরকারের লোকদের আহ্বান জানাই, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সর্ম্পক ক্ষুণ্ন হয় এমন বক্তব্য থেকে বিরত থাকুন। সহকারী পররাষ্ট্র বিষয়ক সচিব নিশা দিশাই বাংলাদেশে আসার প্রাক্কালে সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যে দুই দেশের সর্ম্পকের অবনতি হতে পারে। কোনো দেশকে জড়িয়ে ব্লেম গেম না করে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এই বিএনপি নেতা বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। দেশে আইএস নাই, সরকারের এমন কথায় আস্থা রাখতে চাই। সরকার প্রায় সময়েই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে সন্ত্রাসী, জঙ্গিবাদের তকমা লাগিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করে। এগুলোকে দেশে-বিদেশে উগ্রপন্থি হিসেবে প্রচার করে। সরকারের এ চেষ্টা সফল হবে না। বিএনপি জঙ্গি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত তা দেশে-বিদেশে কেউ বিশ্বাস করে না।

আসন্ন পৌরসভা নির্বাচন সম্পর্কে রিপন বলেন, “পৌর নির্বাচনে সরকারকে প্রমাণ করতে হবে, তারা ভোট কারচুপি করে না।”

বিএনপির এই মুখপাত্র বলেন, বিরোধীদল কোনো আন্দোলন করছে না। পুনর্গঠন নিয়ে কাজ করছে। কোনো কর্মসূচি নাই। সরকার এরপরও যদি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে জঙ্গি, আইএসের তকমা লাগানোর চেষ্টা করে তাতে লাভ হবে না। শুধু আত্মতৃপ্তি পেতে পারে।

আরও পড়ুন