পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যার ফলে হুমকির মুখে পড়ছে ইসলামের নিরাপত্তা। আজ শনিবার সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা নিয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন আইজিপি।
এছাড়া কৌশলে যারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান একেএম শহীদুল হক।
‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওই আলোচনা সভায় ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: পুলিশ ও ওলামা মাশায়েকদের করনীয়’ নিয়ে আলোচনা হয়।
শহীদুল হক বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, আয়াতের খণ্ডিত অংশ পড়ে পুরো আয়াত না বুঝে, আগে পিছে না বুঝে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে, তরুণ যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে, জঙ্গিবাদের সৃষ্টি করা হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের দেশের নিরাপত্তার জন্য এবং ইসলামের নিরাপত্তার জন্য হুমকি।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হবে। এটাকে বিকৃত করে জননিরাপত্তার হুমকি, মানুষ হত্যা এটা বন্ধ করতে মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য।’
আইজিপি উল্লেখ করেন, সরকার ধর্মের কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় না। ওই সময় তিনি জুমার নামাজ ও ওয়াজ মাহফিলে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিতে ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানান।
হীদুল হক বলেন, “ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হত্যা করলে বেহেস্ত যাওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোন জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তারা জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করতে হবে।”
ওলামাদের উদ্দেশে তিনি বলেন, “২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক সেটা আমরা প্রত্যাশা করছি। ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের কাউন্টার দেবেন। সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হব।”
অনুষ্ঠানে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে আইজিপির প্রতি অনুরোধ জানান ওলামারা।
এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, “পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।”
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জমামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


