বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাসে ঢাবি ছাত্রী লাঞ্ছিত: চালকের সহকারী রিমান্ডে

BUS-চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী লাঞ্ছিতের অভিযোগে গ্রেপ্তার চালকের সহকারী মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার মধ্যরাতে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তারের পর সকালে তাকে আদালতে নেয়া হয়।

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

পুলিশ জানায়, শুকতারা পরিবহনের একটি বাসে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এ সময় গাড়ি চালকের সহকারী পুরো রাস্তায় তাকে অশালীন ভাষায় উত্যক্ত করে। একপর্যায়ে ওই শিক্ষার্থী প্রতিবাদ জানালে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দেয়ার হুমকি দেয় সহকারী।

বাসের অন্য যাত্রীদের সহযোগিতায় পরে ওই শিক্ষার্থী গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় নিরাপদে নেমে যান। এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় দারুস-সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

আরও পড়ুন