“যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ ‘৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল-জনগণের সকল আকাঙ্খা, স্বপ্ন আজ এ্ই কর্তৃত্ববাদী সরকার তছনছ করে দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনার সাথে বেইমানি করছে।” ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেছেন।
রোববার ৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারের পতন হয়।
বিএনপিপ্রধান বলেন, ‘বর্তমান সরকার সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে। দেশে আজ গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জান-মালের নিরাপত্তা নেই।’
বেগম জিয়া বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে দীর্ঘ নয় বছরের সামরিক ও অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এক সফল আন্দোলনের পর পতন ঘটেছিলো তত্কালীন সামরিক স্বৈরশাসক এরশাদের।
“স্বৈরশাসক এরশাদ ‘৮২’র ২৪ মার্চ পেশাগত সততা ও শপথ ভেঙে বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সাংবিধানিক রাজনীতিকে কুঠারাঘাত করেছিলেন।”


