বুধবার ৪ নভেম্বর ২০২৬

জালিয়াতির দায়ে ৪ বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শরিফুল ইসলাম, গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র রিপন আলী এবং ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র শাহজাহান কবির।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মাহবুবুর রহমান বলেন, বহিষ্কৃত শরিফুল গত ১৬ নভেম্বর অবৈধভাবে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলার সময়ে তাঁকে আটক করা হয়। তখন শরীফুল একটি বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের সনদ দিয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন বলে জানান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার বিষয়টি তিনি গোপন করেন। এ কারণে গত ১৭ নভেম্বর তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তা জানতে তাঁকে নোটিশ দেওয়া হয়। জবাব পাওয়ার পর তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অন্যদিকে ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) ক্ষেত্রে সহযোগিতা করায় জন্য সাজ্জাদ হোসেন ও রিপন আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে শাহজাহান কবিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে রিপনকে সম্প্রতি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি বর্তমানে ঝিনাইদহ কারাগারে আছেন।

আরও পড়ুন