বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ট্রাকের ধাক্কায় পুলিশের এসআইয়ের মৃত্যু

Accident (4)ট্রাকের ধাক্কায় বিশ্বাস মহিউদ্দিন (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। মাগুরা সদর উপজেলায় আজ রোববার বিকেলে এ ঘটনায় আহত হয়েছে সুমন হোসেন (১৬) নামের এক কিশোর। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বিশ্বাস মহিউদ্দিন ঝিনাইদহ পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জোকা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও মাগুরা সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, আজ বিকেল পৌনে চারটার দিকে বিশ্বাস মহিউদ্দিন ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনের আসনে বসে ছিল তাঁর বাড়ির গৃহকর্মী সুমন। মোটরসাইকেলটি মাগুরা সদর উপজেলার বারবাজার তেঁতুলতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন বিশ্বাস মহিউদ্দিন ও সুমন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মহিউদ্দিন। আর সুমনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন