বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মূল্যায়ন চলছে: পররাষ্ট্রমন্ত্রী

Pak-BD-Sakaএকাত্তরের গণহত্যার অপরাধ অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ‘পুনর্মূল্যায়ন’ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “কিছুই করেনি তারা, এটা বলা হাস্যকর। তাদের সঙ্গে সম্পর্ক আমরা অ্যাসেসমেন্ট করছি, আমরা অবশ্যই মূল্যায়ন করছি। কী করা দরকার, সেটা নিয়ে ভাবছি।”

কূটনৈতিক সম্পর্ক ‘একটি চলমান প্রক্রিয়া’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “পাকিস্তানের সাবেক সামরিক শাসক, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তো ক্ষমাও চেয়েছেন; যদিও ভাষাটা অতো শক্ত ছিল না। আসমা জাহাঙ্গীর ও সাংবাদিক হামিদ মীরের মতো স্বাধীনচেতা ও মানবাধিকারকর্মীরা এটা নিয়ে কথা বলেছেন। হামুদুর রহমান কমিশনের প্রতিবেদনেও কিন্তু বিষয়টা আছে।”

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২২ নভেম্বর প্রথম প্রহরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতুদণ্ড কার্যকর করার পর এক বিবৃতিতে উদ্বেগ জানায় পাকিস্তান। এরপর ঢাকায় দেশটির হাই কমিশনারকে তলব করে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।

এর এক সপ্তাহ পর ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে দেশটি। একাত্তরের গণহত্যার অপরাধও অস্বীকার করা হয়।

এরপর সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে।

পাকিস্তানের বহু লোক গণহত্যার বিষয়টি ‘স্বীকার করেছেন’ মন্তব্য করে মাহমুদ আলী বলেন, “যুদ্ধাপরাধীদের, বিশেষ করে জামায়াত-বিএনপির অনেক টাকা। সারা পৃথিবীতে অনেক টাকা খরচ করেছে কিন্তু বিশেষ কিছু করতে পারেনি এবং কোনো আন্তর্জাতিক জনমত সৃষ্টি করতে পারেনি।”

আরও পড়ুন