বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেইসবুকের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে

homeminister-asadপ্রস্তাবে সাড়া দিয়ে ঢাকায় আসা ফেইসবুকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও বন্ধ ফেইসবুক কবে খুলবে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মন্ত্রী। তবে শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তো আগেই বলেছি যে নিরাপত্তা প্রশ্নে আমরা বন্ধ রেখেছি। তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের সবকিছু জানিয়েছি। তাদের সঙ্গে আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।

ফেইসবুকের প্রতিনিধি হিসেবে বৈঠকে ছিলেন- কোম্পানির দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংয়ে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান।

বাংলাদেশের ৩ মন্ত্রী ছাড়াও বৈঠকে অংশ নেন- পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের আলোচনা হয়েছে। আমাদের এখানে ফেইসবুক অ্যাবিউজড হয়েছে, প্রপাগান্ডা হচ্ছে। এ বিষয়গুলো তাদের জানানো হয়েছে।… ফেইসবুক ফিল্টার করা হবে কি না সে বিষয়ে কথা হয়েছে। এই আলোচনার বিষয়ে শিগগিরই সবাইকে জানানো হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

গত ১৭ নভেম্বর প্রথম ফেসবুকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এর এক দিন পর ১৮ নভেম্বর থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। এখন পর্যন্ত এগুলো খুলে দেয়া হয়নি। যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

আরও পড়ুন